বিজ্ঞান মেলা ২০২৬ — গুরুত্বপূর্ণ নোটিশ

প্রজেক্ট নির্বাচন সংক্রান্ত গাইডলাইন

বার্ষিক বিজ্ঞান মেলা ও আর্টস অ্যান্ড ক্রাফটস প্রদর্শনী — ৩ সেপ্টেম্বর, ২০২৬ | মোহাম্মদপুর শাখা

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ‘বিজ্ঞান মেলা ও আর্টস অ্যান্ড ক্রাফটস প্রদর্শনী’ নিয়ে শিক্ষার্থীদের প্রবল উৎসাহ দেখে আমরা আনন্দিত। তবে আমরা লক্ষ্য করছি, প্রজেক্ট নির্বাচনের ক্ষেত্রে, বিশেষ করে ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা কিছুটা বিভ্রান্তিতে পড়ছে। অনেকেই তাদের বয়সের তুলনায় বেশ জটিল (যেমন: ইলেকট্রিক সার্কিট-ভিত্তিক কাজ) প্রজেক্ট নির্বাচন করছে বা অতিরিক্ত কেনাকাটা করার চিন্তা করছে।

শিক্ষার্থীদের সুরক্ষা, শেখার আনন্দ এবং মূল্যায়নের সুবিধার জন্য আমরা প্রজেক্টের ধরন সম্পর্কে একটি সুস্পষ্ট গাইডলাইন নিচে তুলে ধরছি। বাচ্চাদের বুঝিয়ে বলার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

কী ধরনের প্রজেক্ট করা যাবে (উৎসাহিত করা হচ্ছে)

  • বয়সোপযোগী ও ধারণামূলক: বিজ্ঞান বা পরিবেশের সাধারণ ধারণা দেয় এমন সহজ প্রজেক্ট (যেমন: উদ্ভিদের জীবনচক্র, পানি চক্র, বায়ু বা পানি দূষণ রোধের উপায়, ডে-নাইট মডেল ইত্যাদি)।
  • নিজস্ব হাতের কাজ: শিক্ষার্থীরা নিজেদের হাতে বানাতে পারবে এবং প্রেজেন্টেশনের সময় নিজেরা আত্মবিশ্বাসের সাথে বুঝিয়ে বলতে পারবে—এমন বিষয় নির্বাচন করতে হবে।
  • সাশ্রয়ী ও পরিবেশবান্ধব: দৈনন্দিন ব্যবহৃত বা ফেলে দেওয়া জিনিসপত্র (recycled materials) ব্যবহার করে তৈরি সৃজনশীল প্রজেক্টকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি।

কোন ধরনের প্রজেক্ট নিরুৎসাহিত করা হচ্ছে

  • ঝুঁকিপূর্ণ ও জটিল কাজ: সরাসরি বৈদ্যুতিক সংযোগ (কারেন্ট), আগুন, ক্ষতিকর রাসায়নিক পদার্থ বা জটিল সার্কিটের ব্যবহার (বিশেষ করে ছোট ক্লাসের জন্য সম্পূর্ণ নিষেধ)।
  • অতিরিক্ত ব্যয়বহুল প্রজেক্ট: অনেক টাকা খরচ করে রেডিমেড জিনিস কিনে আনা বা ‘স্মার্ট সিটি’র মতো বিশাল ও ব্যয়বহুল সেটআপ তৈরি করা থেকে বিরত থাকতে হবে।
  • অভিভাবকদের তৈরি প্রজেক্ট: প্রজেক্ট সম্পূর্ণভাবে বা অধিকাংশ কাজ অভিভাবক বা বাইরের কারো দ্বারা তৈরি হলে তা আমাদের লক্ষ্যের সাথে সাংঘর্ষিক হবে। অভিভাবকরা শুধুমাত্র আইডিয়া দিয়ে গাইড করবেন।
  • ইসলামের সাথে সাংঘর্ষিক: এমন কোনো থিম, ছবি বা মডেল তৈরি করা যাবে না যা ইসলামিক মূল্যবোধের পরিপন্থী।

বিশেষ দ্রষ্টব্য

শিক্ষার্থীরা আগামীকাল তাদের নির্ধারিত মেন্টরের (উস্তাজ/উস্তাজা) সাথে কথা বলবেন। মেন্টররা গাইড করবেন কীভাবে সহজে ও নিরাপদে একটি বয়সোপযোগী প্রজেক্ট দাঁড় করানো যায়।

আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীরা যেন নিজেরা চিন্তা করে আনন্দের সাথে নতুন কিছু শিখতে পারে।

আগামী ২৫ আগস্ট (মঙ্গলবার) এর মধ্যেই শিক্ষার্থীরা নিজ নিজ মেন্টর (উস্তাজ/উস্তাজার) সাথে পরামর্শ করে প্রজেক্ট এপ্রুভ করিয়ে নিবেন, ইন শা আল্লাহ।

মা’আসসালামাহ

এস সি ডি এডমিন

Scroll to Top